ফেনীতে নিজের জমিতে টিউবওয়েল বসাতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের মারধরে আবদুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর হকদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন জানান, তার চাচার কেনা জমিতে জোরপূর্বক টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন প্রতিবেশী আবদুল মোমিন। এ কাজে বাধা দিলে মোমিনসহ তার সহযোগীরা লতিফের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি আক্রমণে চাচা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে লতিফের মৃত্যু হয়েছে বলে জেনেছি। তবে মোমিনের বাড়ির উঠানে লতিফের কেনা সম্পত্তি রয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।