ভারতের ইউজারদের ব্যক্তিগত তথ্য চীনে পাচার করে না টিকটক, এমনটি দাবি করেছে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপসটি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, লাদাখে সীমান্ত বিরোধের ঘটনায় সোমবার রাতে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এমনটি জানিয়েছে টিকটক।
টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী এক বিবৃতিতে বলেন, টিকটকসহ ৫৯টি অ্যাপ ব্লক করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে ভারত সরকার। আমরা বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য ও নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন যে, টিকটক প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে ভারতীয় আইনে যা বলা আছে, তা সবসময় মেনে চলে। আমরা কখনওই ভারতীয় গ্রাহকদের কোনও তথ্য চীন বা অন্য কোনও বিদেশি সরকারের সঙ্গে শেয়ার করি না। গ্রাহকদের গোপনীয়তা রক্ষার বিষয়টি আমাদের কাছে সবার আগে।
এদিকে, টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারসহ ৫৯টি চীনা অ্যাপ ব্লক করে দেওয়া নিয়ে নির্ধারিত সরকারি কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে মতামত জানাবে বলে জানানো হয়েছে।
ভারতের আয়কর দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে কমিটি। এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে সব নিষিদ্ধ হওয়া অ্যাপ্লিকেশন সরিয়ে দেয়া হয়েছে। তবে টিকটক নিজেই প্লে স্টোর থেকে তাদের অ্যাপ তুলে নিয়েছে বলে এক সূত্রে জানা গেছে।