যে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করেন রোহিত শর্মা, তার রানের যে ক্ষুধা, তা দেখে কৃষ্ণমাচারি শ্রীকান্ত মুগ্ধ। ডানহাতি ওপেনারকে তাই সর্বকালের অন্যতম সেরা ওপেনার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।
ওয়ানডেতে রোহিতের যে ২৯টি সেঞ্চুরি, এর মধ্যে ১১টিই ১৪০ এর বেশি স্কোর। আছে রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরি। কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে সর্বকালের সেরা ওপেনারদের তালিকা করলে সেরা তিন বা সেরা পাঁচের মধ্যেই থাকবেন রোহিত।
স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেট অনুষ্ঠানে শ্রীকান্ত বলেন, ‘আমি তাকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকাতে ওপরের দিকেই রাখব। রোহিতের সবচেয়ে বড় গুন হচ্ছে সে বড় সেঞ্চুরির ইনিংস বা ডাবল সেঞ্চুরির ইনিংস খেলতে পারে। যা সত্যিই অবিশ্বাস্য।’
১৯৮১ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ভারতের হয়ে ৪৩টি টেস্ট ও ১৪৬ ওয়ানডে খেলেছেন শ্রীকান্ত। ৬০ বছর বয়সী এই তারকা ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
রোহিতকে তিনি আরো বলেন, ‘ওয়ানডেতে আপনি ১৫০, ১৮০, ২০০ করবেন…। আপনি শুধু কল্পনা করেন আপনি দলকে তাহলে কোথায় নিয়ে যেতে পারবেন। এখানেই রোহিতের বিশেষত্ব।’
৩০ বছর বয়সী রোহিত এখন পর্যন্ত ২২৪ ওয়ানডেতে ৪৯.২৭ গড়ে করেছেন ৯১১৫ রান। ২৯টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৪৩টি। ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর-২৬৪, যা বিশ্ব রেকর্ড।