কাপ্তাইয়ে ওসিসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

রাঙ্গামাটির কাপ্তাই থানার ওসিসহ আরও ৯ জনের শরীরে ক‌রোনাভাইরা‌সের সংক্রমণ শনাক্ত হ‌য়ে‌ছে। 

বুধবার সকালে চট্টগ্রাম সিভাসু ল‌্যাব থে‌কে পাঠা‌নো রিপোর্টে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীনসহ আরও তিন পুলিশ সদস্যের করোনা পজিটিভ বলে জানিয়েছেন রাঙ্গামা‌টির কাপ্তাই উপ‌জেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনি।

আক্রান্ত অপর পুলিশ সদস্যদের মধ্যে ২ জন কাপ্তাই থানার এবং একজন কেপিএম ডিসিএল বাংলো পুলিশ ক্যাম্পের সদস্য।

এছাড়া বুধবার করোনা শনাক্ত হওয়াদের মধ্যে একজন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট, ১২ এবং ১৫ বছর বয়সী উপজেলা হাসপাতাল এলাকার ২ জন শিশু, কাপ্তাই প্রজেক্ট এলাকার ২৫ বছর বয়সী এক যুবক এবং চন্দ্রঘোনা মিশন এলাকার ৬৯ বছর বয়সী এক সংস্কৃ‌তিকর্মী র‌য়ে‌ছেন।

গত ২৪ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। 

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শুরু থেকেই মাঠে ছিলেন। এছাড়া কাপ্তাই থানার অনেক পুলিশ সদস্য ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তাদের সংস্পর্শে এসেছিলেন বিধায় করোনায় আক্রান্ত হয়েছেন। 

তিনি জানান, উপজেলা সদরে তার সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে এবং অন্য পুলিশ সদস্যরা থানা এবং ফাঁড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং  হাসপাতাল এলাকার ২ শিশু হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৬৮ জন এবং সুস্থ হলেন ২১ জন।