পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রচণ্ড স্রোতের তোড়ে ডুবোচরে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে পড়ায় প্রায় ১৬ ঘণ্টা শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরিটির বেশ কিছু যাত্রীকে আইটি জাহাজে শিমুলিয়া ঘাটে পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিএর দুর্নিবারসহ কয়েকটি আইটি এটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এদিকে ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকে পড়েছে।
সরেজমিনে জানা যায়, বর্ষা মৌসুমের শুরুতেই গত কয়েকদিনে এ রুটের লৌহজং টার্নিংয়ে ভয়াবহ ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়ে পলি পড়ে চরম অচলাবস্থা দেখা দেয়।
উজানে নদী ভাঙন অব্যাহত থাকায় পলি এসে নাব্য সংকটে ২৯ জুন বন্ধ হয়ে যায় লৌহজং টার্নিং। চালু হয় ৫ কিলোমিটার ভাটির বিকল্প চ্যানেল। কিন্তু স্রোতের তীব্র গতির কারণে মঙ্গলবার থেকে বিকল্প চ্যানেল দিয়েও তীব্র স্রোতে চলাচল করতে না পেরে বিকেলে ৫টি ডাম্ব ফেরিসহ ১০টি ফেরি বন্ধ হয়ে যায়।
বাকি ৩টি রো রো ও ৪টি কেটাইপ ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহন, জরুরি অ্যাম্বুলেন্স, ও কাঁচামালবাহী ট্রাক পারাপার করা হচ্ছিল।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ২৮টি যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছাড়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
ফেরিটি সন্ধ্যা ৭টার দিক বিকল্প চ্যানেলের মাঝ পদ্মায় ডুবোচরে আটকে পড়ে। ফেরিটি উদ্ধারে রাতেই বিআইডব্লিউটিএর দুর্নিবারসহ কয়েকটি উদ্ধারকারী আইটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেরি চলাচল অচলাবস্থার কারণে উভয় ঘাটে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। সংকট নিরসনে নদীতে ৫টি ড্রেজার দিয়ে ড্রেজিং চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, সংকট নিরসনে নদীতে ৫টি ড্রেজার দিয়ে ড্রেজিং চালিনো হচ্ছে।
বিআইডব্লিউটিএর মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে স্রোতের কারণে ব্যাহত হচ্ছে।