রাজশাহীতে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। তার নাম আবুল কালাম আজাদ( ৩৫)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১ টার দিকে তিনি মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।  

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, এএসআই আবুল কালাম আজাদ জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ২২ জুন তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বিভাগীয় পুলিশ হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন।

এএসআই আবুল কালামের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি স্ত্রীকে নিয়ে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় থাকতেন। তার ছয় বছর এবং ছয় মাস বয়সী দুটি সন্তান রয়েছে।