মহামারী করোনাভাইরাসের প্রভাবে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্চ থেকে ঋণের কিস্তি ও সুদ আদায় বন্ধ ছিল। এতে করে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকগুলোর আয় প্রায় বন্ধ হয়ে যায়। তবে ব্যাংকগুলো নগদে কিস্তি আদায় করতে না পারলেও কাগজে-কলমে তা হিসাবে নিয়েছে। তবে এরপরও চলতি অর্ধবার্ষিকীতে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় কমতে দেখা গেছে।
বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, চলতি অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন) ১৬টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ১২টির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। সুদ আয় কমে যাওয়ার পাশাপাশি মার্চ থেকে আমদানি রপ্তানি কমে আসায় কমিশন আয়ও কমেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি অর্ধবার্ষিকীতে অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে। বিপরীতে ১৬ ব্যাংকের মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা কমেছে সাউথ ইস্ট ব্যাংকের।