ছাত্রদল সংশ্লিষ্টতার অভিযোগ

মেহেরপুরের ডিসি বদল

মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মো. শহিদুল ইসলাম চৌধুরীর জায়গায় কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খানকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৫ জুন ঢাকাসহ ৯ জেলায় ডিসি পদে রদবদল আনে সরকার। এর মধ্যে মেহেরপুরও রয়েছে। কিন্তু মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শহিদুল ইসলাম চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আলোচনা শুরু হয়। ওই আলোচনা শুরুর পর সেটা ‘মিথ্যা প্রপাগান্ডা’ আখ্যায়িত করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানিয়েছিলেন শহিদুল। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। গতকাল তাকে সরিয়ে মুনসুর আলম খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন দেশ রূপান্তরকে বলেন, ‘একটি বিশেষ কারণে মেহেরপুরের ডিসি পদে পরিবর্তন আনা হয়েছে। ২৫ জুনের আদেশে উল্লেখিত অনান্য বিষয় অপরিবর্তিত রয়েছে। নতুন নিয়োগ পাওয়া এবং এক জেলা থেকে অন্য জেলায় বদলিকৃত ডিসিরা শিগগিরই যোগ দেবেন।’

গত ২৫ জুন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনিকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হলেও তিনি এখনো মেহেরপুরে দায়িত্ব পালন করছেন। একইভাবে ঢাকায় বদলিকৃত টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলামও ঢাকায় যোগ দেননি। আগামী রবিবার এসব কর্মকর্তা তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন।