সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাহাড়তলি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশি আরেক তরুণ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত সিরাজ মিয়া (৪০) উপজেলার দমদমিয়া গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে ও গুলিবিদ্ধ নাজিম উদ্দিন (৩৮) একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, ‘সীমান্তবর্তী পাহাড়তলি এলাকা দিয়ে চার বাংলাদেশি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন নিহত ও একজন আহত হন। গোয়াইনঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সীমান্ত এলাকায় অবৈধ চলাচল না করার অনুরোধ জানিয়ে বিজিবির ওই কর্মকর্তা বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।