পায়রায় নির্মাণ হচ্ছে টার্মিনাল ও কনটেইনার ইয়ার্ড

হাজার কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের পাশে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় দেশের তৃতীয় গভীর সমুদ্র পায়রায় নির্মিত হচ্ছে প্রথম টার্মিনাল ও কনটেইনার ইয়ার্ড। এ লক্ষ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং চীনের সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত মঙ্গলবার শেষ বিকেলে পায়রা বন্দরের সম্মেলন কক্ষে দুই পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর এম জাকিরুল ইসলাম, সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার (অব.) এম রাফিউল হাসাইন, প্রথম টার্মিনাল নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধা নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নাসির উদ্দিন এবং  সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড চেন উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান চেন জিচুন, ভাইস চেয়ারম্যান ঝাউ বাউহুয়া, ভাইস চেয়ারম্যান ইয়ান গুয়াংহুয়া ও ইয়াং জুইবো।

পায়রা বন্দর সূত্র জানায়, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে প্রথম এ টার্মিনাল নির্মাণের কাজটি বাস্তবায়ন করতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪ কোটি ৪০ লাখ ৮১ হাজার ২০৩ কোটি টাকা। কনটেইনার ইয়ার্ড কাজের আওতায় ৩ লাখ ২৫ হাজার বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড, প্রশাসনিক ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন, ওয়ার্কশপ, ফায়ার স্টেশন, কনটেইনার ফ্রেইড স্টেশন, গেট হাউজ, ফুয়েল স্টেশন, ভূগর্ভস্থ পানির আধার, পাম্প হাউজ নির্মাণ করা হবে। ৩০ মাসে সম্পন্ন করা হবে এর নির্মাণকাজ।

কনটেইনার ইয়ার্ড নির্মাণকাজ সম্পন্ন হলে বছরে প্রায় ৮ লাখ ৫০ হাজার টিইউস কনটেইনার হ্যান্ডলিং করা যাবে উল্লেখ করে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর এম জাকিরুল ইসলাম জানান, বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণসহ এ সংশ্লি­ষ্ট আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করা গেলে পায়রা বন্দরের পুরো কার্যক্রম চালু করা যাবে। প্রথম টার্মিনাল এলাকায় যাতায়াতের জন্য ছয় লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সড়কের আন্ধারমানিক নদের ইটবাড়িয়া-চিংগুড়িয়া পয়েন্টে আরও একটি সেতু নির্মাণ করা হবে।