দক্ষিণ কোরিয়ার ড্রাইভারদের এখন আর পকেটে করে লাইসেন্স নিয়ে ঘুরতে হবে না। সরকারি অ্যাপে নিবন্ধনের মাধ্যমে তারা পরিচয় প্রমাণের তথ্য যেকোনো জায়গায় বসে দেখাতে পারবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ‘পাস’ নামের এই অ্যাপের সেবা পেতে দক্ষিণ কোরিয়ার চালকরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন। অ্যাপটি ইতিমধ্যে ৩০ মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব করেছেন। কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির সঙ্গে দেশটির তিনটি টেলিকম কোম্পানি ডিজিটাল লাইসেন্স সেবা সরবরাহ করবে। অ্যাপে ভুয়া লাইসেন্সধারীদের নিবন্ধন ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। টেলিকম কোম্পানিগুলো পুলিশের সার্ভার থেকে এসব তথ্য নিয়েছে।
জুলাই থেকে এই সেবা কোরিয়াজুড়ে শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে এখন থেকে দেশটির ড্রাইভাররা লাইসেন্স নবায়ন করতে পারবেন। এ জন্য ইংরেজি ভাষায় ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অ্যাপের মাধ্যমে ট্রাফিক পুলিশ যেন আরও সহজে লাইসেন্স পরীক্ষা করতে পারে, সেই প্রযুক্তি উন্নত করার চেষ্টায় আছে দেশটি। অ্যাপে নিবন্ধন করার পর প্রত্যেক চালকের জন্য ভিন্ন ভিন্ন কিউআর এবং বারকোড দেওয়া হচ্ছে। তার মাধ্যমেই চালকদের লাইসেন্স সংক্রান্ত সত্যতা যাচাই করা হচ্ছে।