পার্বতীপুরে মৃত্যুর চার দিন পর জানা গেল করোনা পজিটিভ

দিনাজপুরের পার্বতীপুরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যুর চার দিন পর বৃহস্পতিবার জানা গেল মোস্তাক আহম্মেদ করোনা পজিটিভ ছিলেন।

শুক্রবার দুপুরে দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

পার্বতীপুরে করোনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

গত ২৯ জুন করোনার উপসর্গ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোস্তাক আহম্মেদ। ওই দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মোস্তাক আহম্মেদের (৫০) বাড়ি পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজার। তিনি ২৯ জুন মারা যান।

এদিকে, গত একমাস ধরে নমুনা দেয়ার পর ফলাফল পেতে কমপক্ষে ৯ থেকে ১২ দিন সময় লেগেছে। যদিও এ মাসের শেষ দিকে এই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বলেন, গত ২৯ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান মোস্তাক আহম্মেদ। মৃত্যুর আগেই ওই দিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানা হয়। বৃহস্পতিবার পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ১৩ এপ্রিল থেকে ৫৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে। করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।