কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, কাশেম ইয়াবা কারবারি ছিলেন। গতকাল শুক্রবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন মহেশখালীয়াপাড়া ফিশিংঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। কাশেম ওই এলাকার ফজল আহাম্মদের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদে ফিশিংঘাট এলাকায় ইয়াবার চালানের খবরে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। বন্দুকযদ্ধে পুলিশের তিন সদস্য আহত হন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।