নীলফামারীতে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ

নীলফামারীর ডোমারে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি হাটের অদূরে পাঙ্গা নদীর একটি ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের সুরুজ্জামানের ছেলে মনোয়ার হোসেন (৬) ও জোড়াবাড়ি ইউনিয়নের বিএসসিপাড়ার গোলাম রব্বানীর মেয়ে মনি আক্তার (৫)। ওই দুই শিশু খালাতো ভাইবোন।

সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর দমকল বাহিনীর ডুবুরিদল অভিযান চালিয়ে ওই দুই শিশুকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয়রা জানান, জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের ময়নুল ইসলাম স্ত্রী, তিন নাতি-নাতনিসহ রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতনের ফাঁকে রিকশাভ্যানের চাকা ঢুকে উল্টে গেলে ময়নুলের স্ত্রী রওশন আরা (৫৫), তার তিন নাতি-নাতনি লিপু (১০), মনি ও মনোয়ার নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক রওশন আরা ও লিপুকে উদ্ধার করলেও মনি ও মনোয়ার নিখোঁজ রয়েছে।