ভারতের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেল যেমন বিতর্কিত ছিলেন, তেমনি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে বিতর্কিত ছিলেন জন বুকানন। চ্যাপেল দায়িত্ব নেওয়ার পরই সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে সরাতে উঠে পরে লাগেন এবং সফলও হন। বুকাননও এই পথে হেঁটেছিলেন বলে দাবি আইপিএলের উদ্বোধনী আসরে নাইটদের হয়ে খেলা আকাশ চোপড়া।
চোপড়া জানান, শুরুর দিকে কোচ বুকাননের সঙ্গে অধিনায়ক সৌরভের সম্পর্ক ভালো ছিল। তবে পরের দিকে দুজনের ক্রিকেট দর্শন ভিন্ন হওয়ায় সমস্যা দেখা দেয়। বলেন, বুকাননের জন্যই আইপিএলের দ্বিতীয় মৌসুমে নেতৃত্ব খোয়াতে হয় সৌরভকে।
চোপড়ার কথায়, ‘প্রথম আইপিএলে দলে বুকানন ছিল, রিকি পন্টিংও ছিল। সৌরভ ছিল অধিনায়ক। খুব কাছ থেকে দেখেছি, শুরুতে ওদের সম্পর্ক ভালো ছিল। শুরুটা ছিল সত্যিই দারুণ। তবে পরে সেটা খারাপ হতে থাকে।’
ঠিক কি কারণ ছিল? আকাশ চোপড়া বলেন, ‘বুকাননের কাজ করার ধরন ছিল আলাদা। সৌরভের মেজাজ ছিল ভিন্ন। শেষে সৌরভকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল বুকানন, যেটা পরের মৌসুমে হয়েও ছিল। কারণ প্রথম মৌসুমে কেকেআর ৬ নম্বরে শেষ করে। যদিও সৌরভ যখন অধিনায়ক ছিল না, তখন কেকেআর ৮ নম্বরে শেষ করে।’
আইপিএলের দ্বিতীয় আসরে কলকাতা নাইট রাইডার্স কোচ জন বুকানন একাধিক অধিনায়ক প্রথা চালুর চেষ্টা করেন। যা নিয়ে আলোড়ন তৈরি হয়। যেটা মেনে নিতে পারেননি সৌরভ। ফলে সেবার সৌরভকে সরিয়ে অধিনায়ক করা হয় ব্রেন্ডন ম্যাকালামকে। এই কিউই তারকার নেতৃত্বে নাইটরা চূড়ান্ত ব্যর্থ হওয়ায় বুকাননকে কোচের পদ থেকে সরে যেতে হয় এবং পুনরায় সৌরভকে নেতৃত্বে ফেরায় নাইট রাইডার্স।