যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ভাইরাসটি থেকে রেহাই পেতে মানুষকে মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বারবার। মাস্ক পরায় সচেতনতা তৈরি করতে এবার এগিয়ে এসেছে ফেইসবুকও। সিএনবিসি জানায়, মাস্ক পরার জন্য মানুষকে উৎসাহিত করবে ফেইসবুক ও ইন্সটাগ্রাম। ব্যবহারকারীরা ফেইসবুকের মূল সাইটের পাশাপাশি ইন্সটাগ্রামে নিজেদের ফিডের ওপর একটি সতর্কবার্তা দেখতে পাবেন, যেখানে মাস্ক পরায় উৎসাহ দেওয়া হবে এবং ব্যবহারকারীকে এ সংক্রান্ত তথ্য দিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সাইটে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমটি এ সিদ্ধান্ত নিয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে কভিড-১৯ রোগী সংখ্যা ২৭ লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ। এর আগেই করোনা সংক্রান্ত পদক্ষেপ নিয়েছিল ফেইসবুক। জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করার পর ফেইসবুক এ সম্পর্কিত ভুয়া তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর এপ্রিল থেকে করোনা সম্পর্কিত কোনো ক্ষতিকর পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার বিষয়ে সতর্ক করছে কোম্পানিটি।