উদ্বোধন করতে গিয়ে কাজ বন্ধ করে দিলেন হুইপ

শেরপুরে দুটি সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন শেরপুর-১ আসনের সাংসদ ও সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক।

গতকাল শনিবার দুপুরে শেরপুর-জামালপুর সড়কের শিমুলতলী ও পোড়াদাহ সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে গিয়ে সেতুতে নিম্নমানের পাথর ব্যবহারের সত্যতা পেয়ে এ নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি বলেন, অন্যায়ভাবে নিম্নমানের কাজ করে বিলের কোটি কোটি টাকা তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতার প্রভাব খাটিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে সুবিধা দেওয়া বন্ধ করতে সড়ক ও জনপথের কর্মকর্তাদের হুঁশিয়ারি দেন তিনি। নতুন নির্মাণসামগ্রী না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতেও নির্দেশ দেন তিনি।

শেরপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তথ্যমতে, অধিদপ্তরের অধীনে জামালপুর-শেরপুর-বনগাঁও সড়কের শিমুলতলী ও পোড়াদাহ এলাকায় দুটি সেতু নির্মাণের কাজ পায় মোজাহার এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১২৫ দশমিক ৪৯৭ মিটার দৈর্ঘ্যরে শিমুলতলী সেতু নির্মাণে ১৮ কোটি ৭৫৮ লাখ টাকা ও ১২৫ দশমিক ৪৯৯ মিটার দৈর্ঘ্যরে পোড়াদাহ সেতু নির্মাণে ২০ কোটি ৯২৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এদিকে কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ও পুরনো রাস্তার পাথর ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। গতকাল দুপুরে দুটি সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে গিয়ে এসব অভিযোগের সত্যতা পেয়ে সাংসদ কাজ বন্ধের নির্দেশ দেন।

সওজ শেরপুরের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, যেসব নির্মাণ সামগ্রীর ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রকল্পে উল্লেখ করা নির্মাণ সামগ্রী সরবরাহের পর আবার কাজ শুরুর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে ঠিকদারি প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি। তবে ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি জাকির হোসেন খাঁন দাবি করেন, ‘আমরা কাজটি শতভাগ স্বচ্ছতার সঙ্গে করার চেষ্টা করেছি। যেহেতু অভিযোগ এসেছে তাই আমরা নির্মাণ সামগ্রী পরিবর্তন করে দেব।’