বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। গতকাল রবিবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাস সংক্রমণের মহামারী ও বন্যার মধ্যে নির্বাচন কমিশনের বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সেজন্য বিএনপি এই দুটি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে না।
বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা ইসলাম ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
গত ৪ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) এক জরুরি বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, আগামী ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে।