কোয়ারেন্টাইন শেষে ২১৯ প্রবাসী কারাগারে

কুয়েত, কাতার ও বাহরাইন থেকে ফেরা ২১৯ জনকে কোয়ারেন্টাইন শেষে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য শলাপরামর্শ করার অভিযোগ উঠেছে। আর কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপরাধে তারা সাজা খাটছিলেন বলে জানা গেছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে গতকাল রবিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

তুরাগ থানার ওসি নুরুল মুত্তাক্বীন জানান, ওই ২১৯ প্রবাসী কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপরাধে সাজা খাটছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাদের মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। গত শনিবার তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদালত সূত্রে জানা গেছে, তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ তার আবেদনে বলেছেন, ওই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। বিভিন্ন মেয়াদে তাদের সাজাও হয়েছিল। দেশে আসার পর তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রাখা হয়। এ সময় বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য শলাপরামর্শ করছিলেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। তাদের ছেড়ে দিলে দেশে চুরি-ডাকাতি বাড়তে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।