মেডিকেল টেকনোলজিস্টদের ধর্মঘট

সারা দেশের হাসপাতালে কর্মবিরতির ডাক

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে অনিয়ম ও অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তিসহ সাত দফা দাবিতে আগামী বৃহস্পতিবার সারা দেশের হাসপাতালে দুই ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা। তবে ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতির সময় জরুরি সেবা অব্যাহত থাকবে।

গতকাল রবিবার সকালে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এক অবস্থান ধর্মঘট থেকে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং বেকার মেডিকেল টেকনোলজিস্টরা অবস্থান ধর্মঘট পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ মেডিকেল টেকনোলজিস্টদের যথাযথভাবে মূল্যায়ন করছে না। এমনকি অনেকাংশে তাদের কাজেরও স্বীকৃতি প্রদান করছে না। এক যুগেও মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের উদ্যোগ গ্রহণ না করায় ইতিমধ্যে কয়েক হাজার মেডিকেল টেকনোলজিস্টের চাকরিতে প্রবেশের বয়স চলে গেছে।

মেডিকেল টেকনোলজিস্টদের সমস্যার সমাধানে কর্র্তৃপক্ষ কখনোই আন্তরিক ছিল না বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, স্বাস্থ্য বিভাগ মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগবিধি সম্পূর্ণ উপেক্ষা করে অস্বচ্ছ প্রক্রিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট পদে অযোগ্যদের নিয়োগ দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতার কারণে হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি মো. আলমাছ আলী খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খান, জহিরুল ইসলাম সরকার, সেলিম মোল্লা, আব্দুর রব, আওলাদ হোসেন খান, মহব্বত হোসেন খান, সমীর কুমার বেপারি, জাহিদুল ইসলাম শাহিন, শফিকুল ইসলাম, হেদায়েতুল ইসলাম শিবলী, সিরাজুল ইসলাম, মাহবুব হাসান, শহিদুল ইসলাম, তাহমিনা, ইকরা, রাজিবুল হাসান রাজা প্রমুখ।