সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলা

আহত ছাত্রলীগ নেতার মৃত্যু প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিপক্ষের হামলায় আহত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও জামতৈল সরকারি হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয় (২৩) গতকাল রবিবার দুপুরে মারা গেছেন।

ঢাকার জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল মারা যান তিনি।

তার মৃত্যুর খবর পেয়ে সংগঠনের নেতাকর্মীরা এ হত্যার প্রতিবাদে সরকারি কলেজ-বাজার স্টেশন সড়ক অবরোধ করেন।

বিজয়ের বড় ভাই মো. রুবেল জানান, গত ২৬ জুন বিকেলে সদ্যপ্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিলের যাওয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। তাকে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জুন তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে তার চিকিৎসা চলছিল।

এ ঘটনায় মো. রুবেল বাদী হয়ে জেলা ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, জাহিদুল ইসলাম ও সাগর কারাগারে রয়েছেন।

এনামুল হক বিজয়ের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ^াস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না শোক জানিয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, গত ২৬ জুন হামলার ঘটনার পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।