সরকারি অনুদান

১০ টাকার ব্যাংক হিসাবেও নেওয়া যাবে নগদ সহায়তা

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার সিদ্ধান্ত নেয় সরকার। এই অর্থ সহায়তা আগে শুধু বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশের মাধ্যমে নেওয়ার সুযোগ ছিল। তবে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এখনো পুরো অর্থ বিতরণ না হওয়ায় এখন ব্যাংকগুলোকে এতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে করোনাভাইরাসের কারণে কাজ হারানো ব্যক্তিরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলেও সরকারের নগদ অর্থ সহায়তা নিতে পারবেন। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে ব্যাংকগুলো ১০ টাকায় আমানত সংবলিত হিসাবের মাধ্যমে এ অর্থ বিতরণ করতে পারবে।

করোনাভাইরাসে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। শুরুতে এই পুরো টাকা চার এমএফএস প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৭ লাখ পরিবারকে দেওয়া হবে ডাক বিভাগের সেবা নগদের মাধ্যমে। ১৫ লাখ পরিবারকে দেবে বিকাশ। এর বাইরে ১০ লাখ পরিবারকে রকেট এবং ৮ লাখ পরিবারকে শিওরক্যাশের মাধ্যমে অর্থ সহায়তা বিতরণের পরিকল্পনা ছিল। তবে সর্বশেষ হিসাব অনুযায়ী অর্ধেক পরিবারের কাছেও এই সহায়তা এখনো পৌঁছেনি। এজন্য ব্যাংকগুলোকে এই সেবায় যুক্ত করা হলো।

বাংলাদেশ ব্যাংকের গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যেসব উপকারভোগীর মোবাইল ফোন নেই এবং যাদের পক্ষে এমএফএস হিসাব খোলা সম্ভব নয়; তাদের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ডের তথ্যের ভিত্তিতে ১০ টাকা আমানতের হিসাব খোলা যাবে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন লাগবে। চেক বই না থাকলে ডেবিট ভাউচারের মাধ্যমে উপকারভোগীদের অর্থ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো উপকারভোগীর আগে থেকেই ব্যাংক হিসাব থাকলে তার নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই।