আবার হুয়াওয়ের নোভা ও ওয়াচ জিটি সিরিজের নতুন সংস্করণ নোভা সেভেন আই এবং ওয়াচ জিটি-২ই বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। রবিবার থেকে নোভা সেভেন আইয়ের প্রি-বুকিং শুরুর ঘোষণা দেওয়া হলেও তার অল্প সময়ের মধ্যে ফোনটির স্টক শেষ হয়ে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে নোভা সেভেন আই এবং ওয়াচ জিটি-২ই বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। প্রি-বুক চলার কথা ছিল ৯ জুলাই পর্যন্ত কিন্তু তার আগেই স্টক শেষ হয়ে গেল এ মডেলটির। এর আগে স্মার্টফোন ক্যাটাগরিতে নোভা টু আই, থ্রিই, থ্রি আই, নোভা ফাইভটি বাংলাদেশের বাজারে নিয়ে আসে হুয়াওয়ে। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে নোভা সেভেন আই স্মার্টফোনটির দাম ২৯,৯৯৯ টাকা। হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই কিনতে পাওয়া যাবে ১৩,৪৯৯ টাকায়।
হুয়াওয়ে অ্যাপ গ্যালারি সমর্থিত নোভা সেভেন আই ফোনটিতে প্রয়োজনীয় যে কোনো অ্যাপস পেতে নিজস্ব অ্যাপগ্যালারি ছাড়া ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’ দিয়ে অ্যাপ খুঁজে ডাউনলোড করা যাবে। এই অ্যাপস সার্চ উইজেট ব্যবহার করে বাংলাদেশি হুয়াওয়ে গ্রাহকরাও প্রয়োজনীয় সব অ্যাপ পেতে পারেন। ফোনটিতে ৭ ন্যানোমিটারের কিরিন ৮১০ এআই চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমসহ নিজস্ব ইএমইউআই ১০.০.১-এ চলবে ফোনটি। থাকবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। ৪০ ওয়াটের সুপারচার্জিং সুবিধাসহ ফোনটিতে থাকবে ৪২০০ এমএএইচের ব্যাটারি। মোবাইল ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ক্যামেরা ফিচার মিলবে হুয়াওয়ে নোভা সেভেন আই ফোনটিতে। রিয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ওয়াচ জিটি ২ সিরিজের নতুন সংস্করণ ওয়াচ জিটি ২ ইতে মিলবে ১০০ ধরনের ওয়ার্কআউট মোড। প্রথমবারের মতো এতে যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার।