৩৬ পূর্ণ করে মঙ্গলবার ৩৭-এ পা রাখলেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। সারাদিন ভক্তদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হয়েছেন দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। করোনাকালে জন্মদিনটা যে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন, তা বলছে আশরাফুলের ফেইসবুক পোস্ট।
সন্ধ্যার পর নিজের ফেইসবুক আইডিতে পারিবারিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন আশরাফুল। ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে ছাদে ঘুড়ি ওড়াচ্ছেন তিনি। আর ছবিগুলোতে আছে ‘বিশেষত্ব’।
ক’দিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন আশরাফুল ও আনিকা তাসনিম অর্চি দম্পতি। তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান। ছেলের নাম রেখেছেন মোহাম্মদ তাওয়াফ আদভি।
আদভির জন্মের পর নিজের জন্মদিনেই প্রথম পারিবারিক ছবি তুলেছেন আশরাফুল। পোস্ট করেছেন সেটি ফেইসবুকে।
স্ত্রী অর্চি, মেয়ে আরিবা তাসনিম তুবা ও ছেলে আদভিকে নিয়ে তোলা ছবিগুলো পোস্ট করে আশরাফুল ক্যাপশনে লিখেছেন, ‘আদভিকে নিয়ে আমাদের প্রথম পারিবারিক ছবি।’ ছবিটিকে নিজের আইডিতে কাভার ফটো হিসেবেও ব্যবহার করেছেন তারকা এই ক্রিকেটার।