মতবিনিময়ে তথ্যমন্ত্রী

করোনায় মৃত সাংবাদিক পরিবার পাবে ৩ লাখ টাকা

করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গে মারা যাওয়া প্রত্যেক সাংবাদিকের পরিবারকে সরকার ৩ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেস ক্লাবের পরিচালনা পরিষদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন। তাই সরকার করোনায় আক্রান্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে।’

ইতিমধ্যে ৬ জন সাংবাদিকের পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রাণ হারানো সাংবাদিকরা ছাড়াও করোনার এ পরিস্থিতিতে অসুবিধায় পড়া গণমাধ্যমকর্মীদেরও এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সহায়তা প্রদান করা হচ্ছে। এ কাজে সহায়তা করছে প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়।’

এমন সংকটকালে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছিল তারা যাতে জনগণকে সঠিক তথ্য প্রদান করে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকে। এ পরিস্থিতিতেও যাতে তাদের কার্যক্রম চালু রাখে। তারা সে অনুরোধ রেখেছে। অনেক সংকট ও প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যম চালু রয়েছে।’

সংবাদপত্রের ছাপা ও বিক্রি দুটোই কমেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এ অবস্থা লক্ষ করেই আমি নিজে অনুরোধ করে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে প্রতিটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার ব্যবস্থা করেছিলাম, যাতে তারা সংবাদপত্রের বকেয়াগুলো পরিশোধ করে। এতে অনেকটা ইতিবাচক প্রভাব পড়েছে এবং প্রয়োজনে আবার তাগিদ দেওয়া হবে। বকেয়া বিলগুলো পেলে সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া সহজ হয়, সেজন্যই এ পদক্ষেপ।’

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলমের নেতৃত্বে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, যুগ্ম সম্পাদক মাইনুল আলম, নির্বাহী সদস্য কুদ্দুস আফ্রাদ, আবদাল আহমেদ ও জাহিদুজ্জামান ফারুক সভায় করোনাকালে গণমাধ্যম ও জাতীয় প্রেস ক্লাব বিষয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন।