স্বাভাবিক লেনদেন সূচিতে ফিরছে পুঁজিবাজার

সাড়ে তিন মাস পর স্বাভাবিক লেনদেন সূচিতে ফিরছে দেশের পুঁজিবাজার। আজ থেকে পুঁজিবাজারে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে একটানা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। ব্যাংকের লেনদেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় পুঁজিবাজারও পূর্ণ লেনদেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গতকাল দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানিয়েছে।

করোনার কারণে গত ১৯ মার্চ থেকে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছিল। এ ছাড়া সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে একটানা ৬৬ দিন লেনদেন বন্ধ ছিল। দেশের ইতিহাসে দীর্ঘসময় বন্ধের কারণে পুঁজিবাজার ভাবমূর্তি সংকটে পড়ে। স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশিরাও হতাশা প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে গত ৩১ মে থেকে কিছুটা সময় কমিয়ে পুনরায় লেনদেন চালু হয়।   

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আলাদা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে বুধবার থেকে আবারও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। ব্যাংকের লেনদেন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় পুঁজিবাজারের লেনদেনও বুধবার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। সেক্ষেত্রে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে একটানা তা আড়াইটা পর্যন্ত চার ঘণ্টা চলবে। গত ৩১ মে থেকে প্রতি কার্যদিবস তিন ঘণ্টা করে লেনদেন চালাচ্ছিল দুই স্টক এক্সচেঞ্জ।