বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাবা ও ছেলে হত্যার তিন দিন পর ঢাকার কেরানীগঞ্জ থেকে গত সোমবার ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় ডাকাতি করা ট্রলারসহ অন্যান্য মালামাল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো বাকেরগঞ্জের বাদশা হাওলাদার, শাহিন খান ও ছানি হাওলাদার। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ট্রলার ডাকাতির উদ্দেশ্যে ঘটনার ৪-৫ দিন আগে থেকেই চাঁই ব্যবসায়ী হেলাল উদ্দিন হাওলাদার ও তার ছেলে ইয়াসিন হাওলাদারের ওপর নজর রাখছিল তারা। গত ৩ জুলাই চাঁই ক্রেতা সেজে তাদের ট্রলারে ওঠে বাদশা, শাহিন ও ছানি। পরে তারা পা-ব নদীর তীরে চরলক্ষ্মীপাশা এলাকায় নিয়ে প্রথমে ছেলে ইয়াসিনকে গলা কেটে এবং পরে বাবা হেলালকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে ট্রলার, মুঠোফোন সেট, টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জুলাই বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চরলক্ষ্মীপাশা গ্রামে পা-ব নদীর পাড় থেকে ইয়াসিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ৪ জুলাই একই এলাকা থেকে তার বাবা হেলালের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হেলালের স্ত্রী নাসিমা বেগম বাকেরগঞ্জ থানায় মামলা করেন।