নীলফামারী

সেনাবাহিনীর ‘স্বাস্থ্য সম্মত কোরবানির পশুর হাট’

করোনা পরিস্থিতি মোকাবিলায় নীলফামারীতে ‘স্বাস্থ্যসম্মত কোরবানির পশুর হাট’ স্থাপন করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার জেলা সদরের ঐতিহ্যবাহী ঢেলাপীর হাটে স্থাপিত স্বাস্থ্যসম্মত কোরবানির পশুর হাট সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবার কোরবানির পশু কেনাবেচা অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের আর্টিলারি ব্রিগেডের ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধায়নে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যসম্মত কোরবানির পশুর হাট অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে ঢেলাপীর হাটে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে খোলাহাটি ক্যাম্পের সেনাসদস্যরা হাটে প্রবেশ ও বহির্গমনে ওয়ানওয়ের ব্যবস্থা করে।

প্রবেশ পথে গরুর ক্রেতা-বিক্রেতাকে জীবাণুমুক্ত করে হ্যান্ড থার্মাল মেশিন দিয়ে তাদের শরীরের তাপমাত্রা মাপেন সেনাসদস্যরা। হাটে প্রবেশে প্রত্যেককেই নিশ্চিত করা হয় মাস্ক পরিধান। ক্রেতা ও বিক্রতার হাত ধোয়ার জন্য রাখা হয়েছে সাবান ও অস্থায়ী পানির ট্যাংক।

১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফ হোসেন বলেন, এই হাটের মাধ্যমে যেন কমিউনিটিতে স্প্রেডিং না হয় এজন্য হাটে আগত ক্রেতা-বিক্রেতার শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেছি।