‘বিশ্বকাপজয়ী’ কোচ নাভিদকে রেখে দিচ্ছে বিসিবি

ফেব্রুয়ারিতে বাংলাদেশের যুবাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে একজন শ্রীলঙ্কানের ছিল বড় ভূমিকা। তিনি নাভিদ নেওয়াজ, ছিলেন আকবর আলীদের প্রধান কোচ। যুব বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একই সঙ্গে ট্রেনার রিচার্ড স্টনিয়েরকেও রেখে দিচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। এই দু’জনের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ানোর কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

নাভিদের সঙ্গে আরো তিন বছর অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে বিসিবি। স্টনিয়েরের সঙ্গে সেটি দুই বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত।

নিজাম উদ্দিন জানান যুব বিশ্বকাপে তাদের সাফল্যের পরই চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে করোনাভাইরাসের কারণে আনুষ্ঠানিক ঘোষণা দেরিতে হয়েছে।

তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে কোচিং স্টাফদের বড় ভূমিকা রয়েছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের আরো এক টার্ম রেখে দেওয়ার। আমরা আগেই এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু করোনাভাইরাসের কারণে এটি অফিশিয়ালি ঘোষণা করতে পারিনি।’

‘আমরা তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছি। প্রধান কোচ নাভিদ নেওয়াজের চুক্তি তিন বছর বাড়ানো হয়েছে। রিচার্ড স্টনিয়েরের সঙ্গে আরো দুই বছর বাড়ানো হচ্ছে চুক্তি।’- বলেন নিজাম উদ্দিন চৌধুরী।

গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ।