স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল ভট্টাচার্য আর নেই

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মৃণাল ভট্টাচার্য মারা গেছেন। মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

প্রয়াতের ছেলে সঞ্জীব ভট্টাচার্য জানান, তার বাবা ডায়াবেটিক ও বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ১৮ জুন মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। বুধবার ভোর রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরেণ্য সঙ্গীতজ্ঞ মৃণাল ভট্টাচার্যের মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযোদ্ধা মৃণাল ভট্টাচার্য একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। 

মৃণাল ভট্টাচার্য মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে কণ্ঠ সৈনিক হিসেবে অংশগ্রহণ করেন। 

তিনি নজরুল শিল্পী সংস্থা, চট্টগ্রামের সভাপতি এবং আর্য সংগীত বিদ্যাপীঠের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার সকালে নগরীর জে এম সেনহল প্রাঙ্গনে মৃণাল ভট্টাচার্যের মরদেহে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানান হয়। এরপর গ্রামের বাড়ি সীতাকুন্ড উপজেলার মহাদেবপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।