আওয়ামী লীগের নেতৃত্বে ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিক দলসমূহের নেতাদের সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।
আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে ১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল সৃষ্টি হয়েছিল। তিনিই এই দলের চেয়ারপারসন। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।
গতকাল গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারলাম আমাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, ১৪ দল যখন সৃষ্টি হয় তখন আমি এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কঠিন অগ্নিঝরা দিনগুলোতে স্বৈরাচারবিরোধী ও খালেদা জিয়াবিরোধী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আজকের সেই পুরনো দিনে আবার নতুন করে সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রধানমন্ত্রী যে দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ১৪ দল প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সৃষ্টি হয়েছিল। তিনিই আমাদের ১৪ দলের চেয়ারপারসন। ১৪ দলের মূল নেতা হচ্ছেন তিনি। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগুলো আমরা বিভিন্ন সময় বাস্তবায়ন করেছি। আন্দোলন, সংগ্রামের জন্য তিনি যে যৌথ কর্মসূচি দিয়েছিলেন আমরা তার সবগুলো বাস্তবায়ন করেছি।
প্রবীণ এই নেতা বলেন, আমি পরবর্তীতে ১৪ দলের নেতাদের সঙ্গে আলাপ করব। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।
জোটের নতুন সমন্বয়ক বলেন, আমি এতদিন পর্যন্ত যিনি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তিনি তার অসুস্থ শরীর নিয়েও এই ১৪ দলের জন্য অনেক কাজ করেছিলেন। ১৪ দলকে তিনি সচল রেখেছিলেন। সকল কর্মসূচি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাকে হারিয়ে ১৪ দলের অনেক ক্ষতি হয়েছে। আমি চেষ্টা করব সেই ক্ষতিগুলো পূরণ করতে।
গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। আর জোটের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থাকায় অনেকটা নিষ্ক্রিয় আছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৫ নভেম্বর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪-দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে এই জোটের সমন্বয়ক ছিলেন আবদুল জলিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দায়িত্ব পান প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ নাসিমকে। বর্তমানে এই জোটে আওয়ামী লীগ ছাড়াও অন্য দলগুলো হলো ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ জাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ (একাংশ), জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন।