করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ‘ফ্যাভিপিরাভির’ ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে কার্যকর ফল পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশি ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশ মেডিসিন সোসাইটি (বিএসএম) পরিচালিত এই ট্রায়ালে দেখা গেছে, করোনা আক্রান্তদের ৯৬ শতাংশ সেরে উঠেছেন।
গতকাল বুধবার বাংলাদেশের হাসপাতালগুলোর করোনা রোগীদের ওপর ফ্যাভিপিরাভির ওষুধের কার্যকারিতা পরীক্ষা শীর্ষক সেমিনারে ক্লিনিক্যাল ট্রায়ালের এ ফলাফল ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ গোলাম মোগনী মাওলা।
বিকন ফার্মার উৎপাদিত ওষুধের নাম ফ্যাভিপিরা, এর জেনেরিক নাম ফ্যাভিপিরাভির, যা জাপানে অ্যাভিগান নামে পরিচিত। গত এপ্রিলে ওষুধটি তৈরির উদ্যোগ নেয় বিকন ফার্মা।
সেমিনারে জানানো হয়, দেশের চারটি হাসপাতালে ৫০ জন রোগীর ওপর এই পরীক্ষা চালানো হয়। করোনা আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগের ৪ দিনের মাথায় ৪৮ এবং ১০ দিনের মাথায় ৯৬ শতাংশ রোগী করোনাভাইরাসমুক্ত হয়েছেন বা সেরে উঠেছেন।
তবে সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, মাত্র ৫০ জন রোগীর ওপর গবেষণাকে এখনই ফাইনাল বলা যাবে না। আরও কয়েক হাজার রোগী ও ঢাকার বাইরের আরও কয়েকটি হাসপাতালে রোগীদের ওপর এর ট্রায়াল করতে হবে।
সেমিনারে জানানো হয়, করোনাভাইরাসের বিরুদ্ধে ওষুধটি কার্যকর ও নিরাপদ কি না, তা জানার জন্যই মূলত বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘ঢাকা ট্রায়াল’। ঔষধ প্রশাসন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের নিয়ম মেনে এই ট্রায়াল পরিচালনা করা হয়। এই ট্রায়াল পরিচালনা করা হয়েছে ডাবল ব্লাইন্ড, প্লেসবো কন্ট্রোলড পদ্ধতিতে।