চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এমভি বর্ণিয়া প্রিন্স-২ নামে স্টিল স্ক্র্যাপবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্টরা জানান, আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ওই জাহাজে ২ হাজার ২৪৫ মেট্রিক টন স্টিল স্ক্র্যাপ বহন করা হচ্ছিল। গত ১৪ জুন বহির্নোঙরে মাদার ভেসেল থেকে স্ক্র্যাপগুলো লোড করার পর সদরঘাট জুট র্যালি ঘাটে খালাসের জন্য সিরিয়ালের অপেক্ষায় ছিল। মঙ্গলবার রাতে জাহাজটি এক নম্বর জেটির কাছাকাছি এসে নোঙর করার সময় ছিঁড়ে যায়। এ সময় জোয়ারের প্রবল স্রোতে সেটি পার্শ্ববর্তী বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে যায়। কিছুক্ষণ পর সেটি ডুবে যায়। তবে এ সময় জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, ডুবে যাওয়া জাহাজটির কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
আবুল খায়ের গ্রুপের শিপিং এজেন্ট লিটমন্ড শিপিং লিমিটেডের অপারেশন ইনচার্জ মো. জাহিদ হোসেন দেশ রূপান্তরকে জানান, লাইটারেজ জাহাজটি ম্যাগনেটিক ক্রেন দিয়ে পণ্য খালাসের জন্য মঙ্গলবার রাতে সদরঘাটের জুট র্যালি ঘাটে যাচ্ছিল। দেড়টার দিকে জোয়ারের মধ্যে জাহাজটি এক নম্বর জেটি এলাকার কাছে নোঙর করতে গেলে হঠাৎ নোঙর ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।