টিকাটুলিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর টিকাটুলিতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মিজান (১৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মিজান ভোলা বোরহানউদ্দিন উপজেলার চরটিট্টা গ্রামের রফিক মুন্সির ছেলে। ৫ ভাই-বোনের মধ্যে ৪র্থ মিজান। থাকতেন টিকাটুলির আর,কে মিশন রোডের নির্মাণাধীন ওই ভবনেই। রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের মামা মো. রাসেল জানান, তারা একসাথেই আর,কে মিশন রোডের জার্মান টাওয়ারের পাশে একটি নির্মাণাধীন ১১তলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। বৃষ্টির কারণে কাজ করতে অসুবিধা হওয়ায় কয়েকদিন আগে নির্মাণাধীন ওই ভবন ও পাশের আরেকটি ভবনের ছাদের মাঝখানকার ফাঁকা জায়গায় ত্রিপল টানান। সকালে মিজান একটি বাঁশের উপর পা দিয়ে দাঁড়িয়ে সেই ত্রিপল খুলার সময় পিছলে একেবারে নিচে পড়ে যান।

এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।