ফেনীতে ডাকাতের হামলায় বৃদ্ধা নিহত, দুই নারীর শ্লীলতাহানি

ফেনীর ছনুয়ায় ডাকাতের হামলায় সকিনা বেগম নামে এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছে। এ সময় দুই নারীকে শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া রেহান উদ্দিন ভুঞা বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সকিনা বেগমের ছেলে আশরাফুল ইসলাম জানান, একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে হানা দেয়। এ সময় সকিনা বেগমসহ ঘরের দুই গৃহবধূকে গামছা দিয়ে হাত-পা বেঁধে ঘরের কক্ষে আটকে রাখে।

একপর্যায় বৃদ্ধা সকিনা বেগম চিৎকার করলে তার উপর ডাকাতরা হামলা চালালে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। একইসময় তার সাথে থাকা দুই নারীকে শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা। পরে বাড়ী থেকে ৪ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয় তারা।

ফেনী মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান, পুলিশ সুপার নুরুন্নবী নেতৃত্বে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সকিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত কবির উদ্দিনের স্ত্রী।