করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সরাসরি জড়িত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় নিয়মিত বেতনের বাইরে আরও দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, করোনা আক্রান্তদের সেবায় সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সরকার এককালীন বিশেষ সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ সম্মানীর আওতায় তারা এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর বা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, নির্দিষ্ট ফরমে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে সম্মানীর জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাবে। স্বাস্থ্যসেবা বিভাগ তালিকা যথাযথভাবে যাচাই-বাছাই করে অর্থ বিভাগের সম্মতিতে সম্মানী দেওয়ার সরকারি আদেশ জারি করবে। সম্মানী বাবদ ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। এ সম্মানী বর্তমান প্রচলিত অন্য যেকোনো প্রজ্ঞাপন বা আদেশে বর্ণিত সম্মানীর ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা বা অনুদানের অতিরিক্ত হিসেবে দেওয়া হবে।
অর্থ মন্ত্রণালয় বলছে, এককালীন বিশেষ এ প্রণোদনা পেতে আবেদনে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নাম এবং আইডি নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া পদবি, অফিস ও বেতন গ্রেড, মূল বেতন এবং এককালীন বিশেষ সম্মানীর পরিমাণ উল্লেখ করতে হবে। করোনা আক্রান্তদের চিকিৎসায় কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানে নিয়োজিত ছিলেন তার নাম ও ঠিকানা লিখতে হবে। এছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় সরাসরি নিয়োজিত ছিলেন মর্মে নিয়ন্ত্রণকারী কর্র্তৃপক্ষের বা স্বাস্থ্য অধিদপ্তরের প্রত্যয়ন আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। পাশাপাশি মূল বেতনের সপক্ষে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বা ডিএও বা ইউএও বা ডিসিএও’র প্রত্যয়ন দিতে হবে।
এর আগে গত ২৩ এপ্রিল অর্থ মন্ত্রণালয় এক পরিপত্রে করোনাভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ গ্রেডভেদে ৫ থেকে ১০ লাখ টাকা এবং মারা গেলে ২৫ থেকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেয়।