রাজধানীর মিরপুরে কথা কাটাকাটির জের ধরে ছাদ থেকে ফেলে দিয়ে মাহবুবুল আলম (৫০) নামে এক নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পূর্ব মনিপুর কাঁঠালতলা পানির পাম্পের পাশে নির্মাণাধীন ৫তলা একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত শ্রমিক সুমনকে আটক করেছে।
মাহবুবুলের ছেলে মাসুদ আলম জানান, তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামে। মিরপুর ১২ নম্বর সেকশনের সুজাতনগরে তারা থাকেন। তার বাবা রড মিস্ত্রি ছিলেন। খবর পেয়ে হাসপাতালে যাওয়ার পর বাবার সহকর্মীরা জানান, কথার জের ধরে সুমন নামে একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তবে কী নিয়ে ঝগড়া হয়েছে তা জানা যায়নি।
মিরপুর মডেল থানার এসআই মো. খুরশিদ আলম জানান, সুমনের সঙ্গে কয়েক দিন আগে মাহবুবুলের কথা-কাটাকাটি হয়। গতকাল নির্মাণাধীন ভবনের ছাদে কয়েকজন কাজ করছিলেনএ সময় আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুবুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুমন। তাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান খুরশিদ আলম।