নীলফামারীতে একদিনে রের্কড ৪৯ জনের করোনা শনাক্ত

নীলফামারীতে এক দিনে রের্কড সংখ্যক ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা এটি।

নতুন শনাক্তদের মধ্যে একজন সেবিকা, একজন আয়া ও একজন সহকারী প্রকৌশলী এবং উত্তরা ইপিজেডের দুইটি বিদেশি কারখানার ২৩ জন শ্রমিক রয়েছেন বলে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

তিনি জানান, নতুন ৪৯ জনসহ এ নিয়ে জেলায় মোট কভিড-১৯ শনাক্তের সংখ্যা ছাড়াল ৪৭৫ জনে।

এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩২০ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৬ ও ৭ জুলাই সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ঢাকা পিসিআর ল্যাবে পাঠানো হয় পরীক্ষার জন্য। ৯ জুলাই রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এতে মোট ৪৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।

শনাক্ত হওয়ায় নতুন ৪৯ জনের মধ্যে জেলার সদরেই ৪২ জন রয়েছেন। এদের মধ্যে নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী দুদু মিয়া (৫০), উত্তরা ইপিজেডের চশমা প্রস্তুতকারী কারখানা ম্যাজেন বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০ শ্রমিক এবং  ভ্যানেটি ও ম্যানি ব্যাগ প্রস্তুতকারী কারখানা ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিমিটেডের তিনজন শ্রমিক রয়েছেন। বাকি ১৮ জন সদর উপজেলার বিভিন্ন এলাকার।

অপরদিকে জলঢাকায় এক নার্স ও এক আয়সহ চারজন, সৈয়দপুর উপজেলায় দুই জন, কিশোগঞ্জ উপজেলায় একজনের রয়েছেন।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ৪৯ জনের করোনা শনাক্ত হওয়ার প্রতিবেদন আসে। একদিনে যা এখন পর্যন্ত এটি সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত ৪ জুলাই জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যা ছিল ৪১ জন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সৈয়দপুর পৌরসভা মেয়র ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার ওরফে ভজে রয়েছে।

দেওয়ান কামাল আহমেদ ঢাকায় এবং আমজাদ হোসেন সরকার ওরফে ভজে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা ইপিজেডের দুই কারখানায় সাত চীনা নাগরিকসহ মোট ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চশমা প্রস্তুতকারী কারখানা ম্যাজেন বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ চীনা নাগরিকসহ ৩৮ জন এবং ব্যাগ প্রস্তুতকারী কারখানা ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিমিটেডে এক চীনা নাগরিকসহ মোট চারজন রয়েছেন। শনাক্ত হওয়া সাত চীনা নাগরিকরা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।