টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়। তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাত ৯ টার দিকে ভর্তি করা হয়েছে বলে এমপি আতাউর রহমানের ছেলে ও সাবেক এমপি আমানুর রহমান খান রানা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আতাউর রহমান খানের হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে সন্ধ্যায় এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। আতাউর রহমান খান টাঙ্গাইল (ঘাটাইল)-৩ আসনের সাবেক এমপি আমানুর রহমান খানের বাবা।