সীতাকুন্ডে মডেল মসজিদের নামফলক ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ওই এলাকার ইউপি সদস্য ইকরাম হোসেন টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে প্রেরণ করে পুলিশ।
উল্লেখ্য প্রতি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের অংশ হিসাবে গত ২৩ জুন সীতাকুন্ডের মুরাদপুরের ফকিরহাট এলাকায় ১৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি দিদারুল আলম। কিন্তু একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিদর্শনের ছবি দিয়ে কয়েকমাস আগেই উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন এই মসজিদের কাজের উদ্বোধন করেন বলে তার সমর্থকরা দাবি তোলেন। তখন উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি দাবি তুলতে দেখা যায়।
এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পর ২৫ জুন রাতে দারোয়ানকে মারধর করে নামফলকটি ভেঙ্গে দেয় দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় এমপির পিএস নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে ২৭ জুন সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় ইকরাম হোসেন টিটুকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে নামফলক ভাঙ্গার ঘটনায় উপজেলা চেয়ারম্যানের কোন সমর্থক জড়িত নয় বলে জানান চেয়ারম্যান। চেয়ারম্যানের পিএস সাইদুর রহমান বলেন, ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে কেউ এ চক্রান্ত করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন হোসেন বলেন, মসজিদের নামফলক ভাঙ্গায় ইউপি সদস্য ইকরাম হোসেন নেতৃত্ব দিয়েছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।