ছুটিতে থাকা কর্মীদের মালয়েশিয়া প্রবেশের দ্বার খুলছে

ভিসার মেয়াদ থাকা বাংলাদেশিরা নিয়ম মেনে মালয়েশিয়া যেতে পারবেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আবারও যাওয়ার বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। গত বৃহস্পতিবার বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশি কর্মী ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়া থেকে দেশে ছুটিতে আসা বাংলাদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন হাইকমিশনার। দেশে থাকায় পারমিট রিনিউ করতে না পারার কারণে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও তাকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এ আশ্বাস দেন। মালয়েশিয়ার নবনিযুক্ত মানবসম্পদমন্ত্রীকে অভিনন্দন ও করোনাকালে এ সাক্ষাৎ প্রদান করায় ধন্যবাদ জানান হাইকমিশনার।

তারা আরও জানিয়েছেন, আলোচনাকালে করোনা নিয়ন্ত্রণে সফলতার জন্য মালয়েশিয়া সরকারের প্রশংসা করেন হাইকমিশনার। সঠিকভাবে দৃঢ়তার সঙ্গে সরকারের ভিশনারি নেতৃত্ব দেওয়া এবং সফলতার সঙ্গে করোনা মোকাবিলায় সাহসী নেতৃত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন মালয়েশিয়ার মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক অনেক পরিশ্রমী, দক্ষ এবং আন্তরিক। তারা মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এসব কর্মীর সুরক্ষা প্রদান করা হবে। নিয়োগকর্তারা যাতে বিদেশি কর্মীদের সুরক্ষিত কর্মপরিবেশ, যথাযথ আবাসন এবং নিয়মিত বেতন নিশ্চিত করে সেসব বিষয়ে মালয়েশিয়া সরকার অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে।

বৈঠকে মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতুক মোহা খাইর আজমান বিন মোহামেদ আনুয়ার, আন্ডার সেক্রেটারি (পলিসি) ড. নুর মাজনি বিনতি আবদুল মজিদ, আন্ডার সেক্রেটারি ড. জাকি বিন জাকারিয়া, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি শাবুদ্দিন বিন বকর এবং হাইকমিশনের লেবার কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, লেবার কাউন্সেলর-২ মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং দ্বিতীয় শ্রম সচিব ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।