জেলা পরিষদ চেয়ারম্যানসহ করোনায় ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যানসহ দুজন মারা গেছেন। এ ছাড়া, গাজীপুর ও টাঙ্গাইলেও দুজন করে মারা গেছেন। ফেনীতে মারা গেছেন এক পরিবহন ব্যবসায়ী। প্রতিনিধিদের পাঠানো খবর :

ফরিদপুর : জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা (৭৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লোকমান হোসেন মৃধা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ১১টার সময় তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান। তিনি ২০১৭ সালের ২৩ জুন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

অপরদিকে, কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ফরিদপুরের বোয়ালমারীতে আরও একজনের প্রাণহানি হয়েছে। তিনি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. ইস্রাফিল শেখ (৫৫)। ফরিদপুরের সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।

গাজীপুর : গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন। গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, নতুন দুজনের মৃত্যুসহ গাজীপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৮ জন মারা গেছেন। গাজীপুরে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ পযর্ন্ত জেলায় ৩ হাজার ৮২৯ জন আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইল : সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে দুজন মৃত্যুবরণ করেছেন বলে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুহম্মদ আজিজুল হক নিশ্চিত করেছেন। জেলায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে গতকাল শুক্রবার সকালে এই কর্মকর্তা জানান।

ফেনী : সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খায়েজ আহমেদ নামে এক পরিবহন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ইউনিয়নের দক্ষিণ মরুয়ারচর গ্রামের ডাক্তার আবদুস সোবহানের বাড়ির খায়েজ আহাম্মদ দীর্ঘদিন যাবৎ জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনার উপসর্গে ভুগছিলেন। গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দুপুরে ওই হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।