টঙ্গীতে অপহৃত তিনজন উদ্ধার গ্রেপ্তার ১

গাজীপুর নগরীর টঙ্গীর দত্তপাড়া রোড এলাকায় মুক্তিপণের দাবিতে আটক তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তিরা হলেন জালাল (৩৫), খোকন (৩৫) ও রনি (২৬)। এ সময় মুন্না (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অপহৃত খোকনের স্ত্রী গতকাল শুক্রবার টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন।

মামলার বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার এসআই শাহিন মোল্লা জানান, আসামি শিল্পী আক্তারের বাসায় ৩-৪ মাস আগে স্বর্ণ চুরির অভিযোগে গত ২ জুলাই জালাল, খোকন ও রনিকে কাজ দেওয়ার কথা বলে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তুলে নিয়ে সহযোগী শাওন সরকারের বউ বাজারের গোপন আস্তানায় আটকে রাখা হয়। পরে জালালের বাবার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে এ চক্রের সদস্যরা। পরে চক্রটি অপহৃতদের শিল্পী আক্তারের দত্তপাড়ার বাড়িতে নিয়ে যায়। তারা অপহৃতদের স্বজনদের কাছে আরও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ শিল্পী আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই তিনজনকে উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।