কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। চালকসহ অপর ৪ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার হোসেনপুর উইলসন কোল্ড স্টোরেজ’র সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
হতাহত সবাই অটোরিশা আরোহী এবং দেবীদ্বার উপজেলার অধিবাসী।
আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে আবু তাহের (৬৫) এবং তার স্ত্রী জোবেদা খাতুন (৬০)।
আহত ৪ জন হলেন- উপজেলার ডালকরপাড় গ্রামের গোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন (২২), গুনাইঘর গ্রামের আয়েত আলীর ছেলে মাছুম মিয়া (২০), সাইচাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. ফারুক (৩০), খলিলপুর গ্রামের রনিন্দ্র চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় (২৫)।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আব্দুর রব জানান, রাত অনুমান পৌনে ৮টায় ৫ যাত্রী ও চালকসহ ৬জন বহনকারী একটি দ্রুতগামী স্নিজি চালিত অটোরিকশা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরুজপুর থেকে উইলসন কোল্ড ষ্টোরেজ’র পশ্চিম পাশের ফাঁড়ি রাস্তা থেকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উঠার সময় কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাকের সামনে দিয়ে ট্রাকের ভেতরে ঢুকে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং অপর ৫ জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আহত একজন মহিলাকে মৃত ঘোষণা করেন।