গাইবান্ধায় বিপদসীমার উপরে নদ-নদীর পানি

গাইবান্ধায় বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে নদ-নদীর পানি। গত কয়েকদিন করতোয়া নদীর পানি বাড়লেও তা আবারও কমতে শুরু করেছে। তবে গত দুই দিনে বেড়েছে ব্রহ্মপুত্র নদসহ তিস্তা ও ঘাঘট নদীর পানি। ফলে বিপদসীমা ছুঁয়েছে ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর পানি। 

ব্রহ্মপুত্র নদের পানি শনিবার বিকেল ৩টায় জেলার ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমা ছুঁয়েছে। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় বেড়েছে ৪ সেন্টিমিটার। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় বেড়েছে ৪ সেন্টিমিটার।

ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রীজ পয়েন্টে বিকেল ৩টায় বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় বেড়েছে ১০ সেন্টিমিটার।

অপরদিকে করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমেছে এই নদীর পানি। 

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান শনিবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, আগামী তিনদিন ব্রহ্মপুত্র নদ, তিস্তা ও ঘাঘট নদীর পানি বাড়বে এবং করতোয়া নদীর পানি কমবে।