কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামে মাথাবিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের উপজেলা প্রানী সম্পদ অফিসের পেছনে মৃত খলিলুর রহমানের পুকুরের পশ্চিম পাড়ে নির্জন স্থানে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি জানান, আনুমানিক ৩০ বছরের এক যুবকের মাথাবিহীন দেহ ঝোপ-ঝাড়ের মধ্যে পরে ছিল। তার পরনে জিন্সের কালো প্যান্ট ও নীল রঙের ফুল হাতা শার্ট ছিল।
ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে ফেলে যায়। দিনব্যাপী পুলিশ ঘটনাস্থলের পাশের পুকুর ও ডোবা এবং নির্জন এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও মাথাটি উদ্ধার ও যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি আমিরুল ইসলাম।
ডিবি পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের একটি দল ক্রাইমসিন লাশের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরে খুব শিগগিরই লাশের পরিচয় এবং ঘাতকদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।