করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে ভাষাবীর এম. এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট-এর উদ্যোগে চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে ‘জুম অ্যাপ’-এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের মাধ্যমে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা করোনা আক্রান্ত ৩০ জন রোগীকে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সেবা প্রদান করা যাবে।
এ ব্যাপারে চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুদাউদ্দৌলা রুবেল স্বস্তি প্রকাশ করে বলেন, করোনা আক্রান্ত জটিল রোগিদের চিকিৎসা সেবা দেওয়া এখন থেকে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসাধীন ৩০ জন রোগিকে অক্সিজেন দেওয়া যাবে। এতে করে মৃত্যুর হার কমবে বলে বিশ্বাস করি।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষা বীর এম. এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট্রের ট্রাষ্টি ডা. জে. আর. ওয়াদুদ টিপু। অনুষ্ঠানে পুলিশ বিভাগের কর্মকর্তা, হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসকবৃন্দসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাবা ভাষা বীর এম. এ. ওয়াদুদের নামে প্রতিষ্ঠিত মেমোরিয়াল ট্রাষ্ট্রের অর্থায়নে এই অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়।