করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া বিভিন্ন ক্রীড়া আসরের মধ্যে রয়েছে টেনিসের অন্যতম বড় আসর উইম্বলডন প্রতিযোগিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল করতে হয়েছে এই গ্ল্যান্ড স্লাম আসর। স্বাভাবিকভাবেই এই আসর পরিত্যক্ত হওয়ায় একটু হলেও হতাশ ছিল টেনিসমহল। তবে আয়োজকদের পক্ষে শুক্রবার খুশির এক খবরই জানানো হয়েছে।
অল ইংল্যান্ড ক্লাব জানিয়েছে, টুর্নামেন্ট পরিত্যক্ত হলেও উইম্বলডনের প্রাইজমানি থেকে বঞ্চিত হবেন না টেনিস তারকারা। যে সব খেলোয়াড়রা এই আসরে অংশ নেওয়ার কথা ছিল, তাদের মাঝে টুর্নামেন্টের জন্য বরাদ্দ পুরস্কার অর্থ ভাগ করে দেওয়া হবে।
উইম্বলডন বাতিল হলেও খুব বেশি ক্ষতির মুখ দেখতে হয়নি আয়োজকদের। কেননা, মহামারির শর্তে টুর্নামেন্টের বিমা করিয়ে রেখেছিলেন আয়োজকেরা। বিমা সংস্থার সঙ্গে আলোচনার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার অর্থ মোট ৬২০ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দেবে তারা।
অল ইংল্যান্ড ক্লাবের চিফ এক্সিকিউটিভ রিচার্ড লুইস বলেন, ‘টুর্নামেন্ট বাতিল হওয়ার পরেই আমরা তাদের কথা ভাবতে শুরু করি, যারা আমাদের টুর্নামেন্ট সফল করে তোলেন। আমরা খুশি যে, টুর্নামেন্টের বিমার জন্যই সারা বছর পরিশ্রম করা খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কার তুলে দিতে পারছি।’
ব়্যাঙ্কিং অনুযায়ী যে ২৫৬ জন খেলোয়াড়ের মূলপর্বে অংশ নেওয়ার কথা ছিল, তাদের প্রত্যেককে ৩১ হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে। যে ২২৪ জন খেলোয়াড়ের কোয়ালিফাইং পর্বে খেলার কথা ছিল, তাদের প্রত্যেকে পাবেন ১৫ হাজার ৬০০ মার্কিন ডলার করে।
ডাবলসে যে ১২০ জন খেলোয়াড়ের অংশ নেওয়ার কথা ছিল, তাদের প্রত্যেককে দেওয়া হবে ৭ হাজার ৮০০ মার্কিন ডলার করে। অর্থ বরাদ্দ করা হয়েছে হুইল চেয়ার ইভেন্টের তারকাদের জন্যও।