কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে গ্রেপ্তার করেছে দেশটির কর্র্তৃপক্ষ। সেখানে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি সাংসদ শহীদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
আরবি ভাষার পত্রিকা আল কাবাসের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে মাজেন আল-জারাহর বিরুদ্ধে।
সংবাদমাধ্যমটি বলছে, তিনি কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতিবিষয়ক দপ্তরের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি থাকার সময় পাপুলকে এই সব সুবিধা দিয়েছেন।
পাপুল ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনের জন্য যাদের ঘুষ দেওয়ার কথা রিমান্ডে বলেছিলেন, তাদের মধ্যে মাজেন আল-জারাহ একজন।
ওই অভিযোগ আসার পর জুনের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারির পদে থাকা মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্তের আদেশ দেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী আনাস আল-সালেহ। এরপর গত বৃহস্পতিবার এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।