সাভারে পাওনা টাকা ফেরত চাওয়ায় ইটভাটার এক শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, স্থানীয় মোগড়াকান্দা এলাকার ওই ঘটনায় মো. আলাউদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার দুপুরে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন বলে তার স্বজনরা জানিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সকালে ইটভাটার শ্রমিক আতাউরকে তার পাওনা টাকা ফেরত দেবেন বলে স্থানীয় মাহবুরের বাড়ির সামনে ডেকে নেয় লেবার সরদার আলাউদ্দিন। পরে তারই নির্দেশে তার দুই সহযোগী ওয়াহিদ (৩০) ও শহিদুর রহমান (৪০) আতাউরকে পাশের একটি বাগানে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। এ সময় আতাউরের বাড়িতে গিয়ে আতাউরকে পুলিশ বেঁধে রেখেছে জানিয়ে তার স্ত্রীকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে আসে আলাউদ্দিনের অপর এক সহযোগী জুয়েল (২০)। এরপর ওয়াহিদ ও জুয়েল মিলে দল বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেন। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, শনিবার দুপুরে আলাউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. বেলাল হোসেন মাদবর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সাভারের আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার রাসেল (২৪) নামে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, অভিযুক্ত বেলাল শরীয়তপুরের পালং থানার কাশাভোগ গ্রামের প্রয়াত সেকেন্দার আলী মাদবরের ছেলে। গত ২১ জুন চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে সে। এরপর মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণের পর সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। শেষপর্যন্ত প্রস্তাবে রাজি না হওয়ায় সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় বেলাল। এ ঘটনায় গত বুধবার র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অভিযোগ করে ভুক্তভোগীর স্বজনরা। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় বেলালসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়।
সাভারের ঘটনায় মামলা সূত্রে জানা যায়, নরসিংহপুর বুড়িরপাড়া এলাকার ওই কিশোরীকে বেশ কিছুদিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী রাসেল। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে ধর্ষণ করে আগে থেকে ওত পেতে থাকা রাসেল। আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, শনিবার বিকেলে অভিযুক্ত রাসেলকে আদালতে পাঠানো হয়।